কিশোরগঞ্জের ভৈরবে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ভৈরব শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এই কর্মসূচিতে ভৈরবে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা গত ৪ মে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান।
বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই প্রতিনিধিদের আটক করা অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নিয়মিত হয়রানি ও হেনস্থার শিকার হচ্ছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে সারাদেশে ঔষধ সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ে যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এদিকে, কর্মসূচির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
পড়ুন- ইঞ্জিন সংকটে রেলওয়ে: নিয়মিত ট্রেন বিলম্ব, যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের ভোগান্তি


