ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন হামের রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মাঝে এক শিশুর বয়স তিন মাস আরেক শিশুর বয়স১০ মাস। মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুর সদরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে প্রায় দুই মাসে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গে গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে গতকাল মঙ্গলবার বিকেলে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে আজ বুধবার ভোরে মারা যায়।
হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ১৬৬ জন। এ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাম আইসোলেশন শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।
হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা পারে শিশুকে সুরক্ষিত রাখতে।
পড়ুন- সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন


