ইংলিশ ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে এবার বড় এক চমক দেখাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাবেক মিডল-অর্ডার ব্যাটার মার্কাস নর্থকে ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার লর্ডস টেস্টের স্কোয়াড ঘোষণার পরপরই এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।
২০১৮ সাল থেকে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দারুণ সফল ছিলেন নর্থ। তার অধীনে ডারহামের ঘরোয়া ক্রিকেটে ব্যাপক উন্নতি হয়েছে। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানান, এক কঠোর ও দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নর্থকে বেছে নেওয়া হয়েছে।
রব কি’র মতে, ‘কাউন্টি ক্রিকেটে নর্থের অগাধ জ্ঞান এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ইংল্যান্ডের ক্রিকেটের জন্য বড় সম্পদ হবে। বিশেষ করে খেলোয়াড় বাছাই এবং আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে দল গঠনে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।’
৪৬ বছর বয়সী মার্কাস নর্থের কাজ কেবল দল গঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি ইংল্যান্ডের সিনিয়র দল থেকে শুরু করে লায়ন্স এবং অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড নির্বাচনে কাজ করবেন। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
ডারহামে গত আট বছর সফলভাবে কাটানোর পর এই বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নর্থ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের ন্যাশনাল সিলেক্টর হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। গত কয়েক বছর কাউন্টি ক্রিকেটে খুব কাছ থেকে কাজ করায় আমি জানি ইংল্যান্ডে প্রতিভার অভাব নেই। রবিনসন, স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামদের সাথে কাজ করে সব ফরম্যাটে সফল দল গড়ার চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট এবং দুটি ওয়ানডে খেলেছেন নর্থ। বাঁহাতি এই ব্যাটার তার ক্যারিয়ারে ছয়টি ভিন্ন কাউন্টি ক্লাবের হয়ে খেলেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

