মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন সংসদ সদস্য মাসুদ সাইদী। বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন।
মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন।
এর আগে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মাসুদ সাইদী মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, মির্জা আব্বাস শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাদের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়ও।
পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
পড়ুন : ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতে আমিরের সৌজন্য সাক্ষাৎ


