যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাসফরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলামকে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন সাংবাদিকদের জানান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষাসফরে এ ঘটনা ঘটেছে বলে এক ছাত্রী অভিযোগ করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রভাষক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ওই শিক্ষককে আপাতত ক্লাস, পরীক্ষা, গবেষণা কার্যক্রমসহ বিভাগের সব অ্যাকাডেমিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্বও তাকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগের বরাতে জানা যায়, ২২ এপ্রিল বিভাগের শিক্ষাসফরে অংশ নেওয়া এক ছাত্রী মনিরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উত্থাপন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যৌন নিপীড়ন প্রতিরোধবিষয়ক ‘কমপ্লেইন্ট কমিটি’কে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যৌন নিপীড়ন প্রতিরোধবিষয়ক ‘কমপ্লেইন্ট কমিটি’র আহ্বায়ক অধ্যাপক শিরিন নিগার বলেন, “আমরা বুধবার রাতে সংশ্লিষ্ট নথিপত্র পেয়েছি। আগামী দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় রোববার কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসব। এরপর নথিপত্র পর্যালোচনা করে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোপাল চন্দ্র ঘোষ জানিয়েছেন, বিভাগের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পড়ুৃন: ইরানের সঙ্গে সম্ভাব্য হামলা না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা সৌদির: প্রতিবেদন
আর/


