চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
আজ রাত প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক অজ্ঞাত শিশু তার মায়ের কোল থেকে পড়ে যায়। শিশুটিকে দ্রুত উদ্ধার করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর কারিনা আক্তার (৩২)। গুরুতর আহত অবস্থায় তার দুই বছর বয়সী মেয়ে ইয়াসাকে প্রথমে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
জানা গেছে, নিহত কারিনা আক্তার স্বামী ও সন্তানকে নিয়ে ভাটিয়ারী এলাকার বিজয় সরণি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মেলায় ঘুরতে এসেছিলেন। মেলা থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

