একনেকে পাস হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য সরকারকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য স্বাগত জানাই। কিন্তু এই কাজটি তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন কিছু আমরা চাই না।
আজ শুক্রবার (১৫মে) রংপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের পূর্বে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে আলাদা করা হয় তবে সবচেয়ে পিছনের এলাকা হিসেবে স্থান পাবে উত্তরবঙ্গ । রাজধানী থেকে যে জেলা যত দূরে সে জেলা তত সুবিধাবঞ্চিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি রংপুর অঞ্চলের বিষয়ে তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বিশেষ কিছু উদ্যোগ নিয়ে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা নিরসন করেছিলেন। কিন্তু তার আগে এবং পরে এই এলাকার মানুষের ওপর কোন সরকার ইনসাফ করেনি বলেও মন্তব্য করেন আমিরে জামাত।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশাসনে দলীয়করণ ও কোন শঙ্কা রয়েছে কিনা ? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা নির্বাচন মুখি দল গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই ।কাজেই আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি এবারও স্থানীয় সরকার নির্বাচন আমরা অংশগ্রহণ করব। তবে আমরা শঙ্কিত আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কিনা। তিনি বলেন জাতীয় নির্বাচনের পরে দুটি উপনির্বাচন হয়েছে শেরপুরে ও বগুড়ায় আপনারা সেখানকার চিত্র কান্ড কারখানা সবই দেখেছেন আমরা এ ব্যাপারে শঙ্কিত। তবে তিনি জনগণকে নিজের অধিকার এর পক্ষে আরেকবার সজাগ ও সোচ্চার হওয়ার আহবান জানান।
এবং গণভোটের বিষয়ে তিনি বলেন,গণভোটের পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে। সরকার সেই গণভোটের রায়কে অপমান-অগ্রাহ্য করেছে। গণভোটের রায়কে বাদ দেওয়া বা পরিত্যক্ত ঘোষণা করতে দেওয়া হবে না। আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদ ও সংসদের বাইরে লড়াই চালিয়ে যাব। গণভোটের রায় একদিন বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, সরকার ভালো কাজ করলে শুধু সমর্থন দেব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াব ইনশাআল্লাহ্। আমরা ছেড়ে দেব না কাউকে। আমরা আস্থার রাজনীতি করতে চাই, বিরোধিতা করার জন্য রাজনীতি করতে চাই না।
সাংবাদিকদের আরো এক প্রশ্নের জবাবে প্রপশ্চিমবঙ্গে প্রাদেশিক সরকার পরিবর্তন ও সীমান্ত হত্যা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ এখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, দুনিয়ার যেখানেই এরকম অপকর্ম হবে আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া ও কোনো দেশের সংবিধানও দেয়নি। কেউ যদি এটা করে সেটা মানবতার বিরুদ্ধে জুলুম, আমরা সেটার সবসময় নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এবং সুধী সমাবেশ শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খানের নাম ঘোষণা করা হয়। এরআগে সকালে জামায়াতে ইসলামীর আমির রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চল আয়োজিত উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে যোগ দেন।
পড়ুন : শিক্ষা এমন এক সম্পদ, যা কেউ চুরি করতে পারে না: জ্বালানি মন্ত্রী


