সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক বন্ধনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”।
শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস সহ অন্যন্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ কেবল বাঙালিদের দেশ নয়; এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলিত আবাসভূমি। সাঁওতাল, গারো, চাকমাসহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণেই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য গড়ে উঠেছে। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে, যেখানে সব জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
পড়ুন- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব, চীনের তীব্র সমালোচনা


