অসুস্থ শরীর নিয়েও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একটানা প্রচার চালিয়েছেন মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে একের পর এক বৈঠকও করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মিঠুনকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শুভেন্দু।
শনিবার (১৬ মে) নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে বিজেপিতে মিঠুনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
শুভেন্দু বলেন, মিঠুনদা দেখা করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, আপনি আসবেন না, আমিই আসব। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা, রাষ্ট্রবাদীদের রক্ষা করা এবং মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। তার পরিশ্রমের কোনো সীমা ছিল না।
মিঠুনের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এই নির্বাচনেও সবচেয়ে বেশি র্যালি, সভা ও রোড শো করেছেন তিনি। এমনকি নির্বাচনের ৮ থেকে ১০ মাস আগ থেকেই ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনো সাংগঠনিক পদ দিতে চাইলেও তিনি নেননি। কিন্তু গত এক বছর ধরে মাইক্রো লেভেলে কাজ করেছেন। আজ জনগণের আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। তবে নেপথ্যের কারিগরদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে যে কয়েকটি নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।
পাল্টা প্রতিক্রিয়ায় মিঠুন বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। শপথ নেয়ার পর থেকেই তিনি কাজ শুরু করেছেন। তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমরা ধন্য। আগামী দিনে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো তার পাশেই আছি।
পড়ুন : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই


