গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় নিখোঁজ হওয়া মারিয়া মাইশা (১০) নামে এক শিশুকে মাত্র তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে স্থানীয়রা ও কাশিমপুর থানা পুলিশ। পরে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া মারিয়া মাইশা কাশিমপুর থানাধীন সাতবাড়ী, সারদারগঞ্জ এলাকার বাসিন্দা মো. হাসান খান ও আকলিমার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে মারিয়া মাইশা নিখোঁজ হয়। পরে এ ঘটনায় কাশিমপুর থানায় জিডি নং-৯১৭, তারিখ ১৭/০৫/২০২৬ ইং দায়ের করা হয়।
জানা গেছে, এক অজ্ঞাত নারী শিশুটিকে তার মায়ের কথা বলে যে তার মা তাকে ওই নারীর সঙ্গে যেতে বলেছেন। শিশুটি বিষয়টি বিশ্বাস করে তার সঙ্গে বাসা থেকে বের হয়ে যায়। পরে তারা হেঁটে হাতিমারা মোড়ে যায়। সেখান থেকে একটি অটোরিকশায় কোনাবাড়ি আমবাগ এলাকায় পৌঁছে বাসের জন্য অপেক্ষা করছিল।
শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করা হয়। পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানে অনুসন্ধানের জন্য সতর্ক করা হয়।
একপর্যায়ে ওই নারী শিশুটিকে কোনাবাড়ি আমবাগ এলাকায় রেখে চলে যায়। পরে সাতবাড়ী এলাকার কয়েকজন যুবক সেখানে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে তার বাবার কাছে বুঝিয়ে দেয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান, “শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”
পড়ুন : পরীক্ষা শেষে ফেরার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


