মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে একটি মুদি দোকানের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত হুমকিমূলক দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বাবুল হোসেনের দোকানের সামনে থেকে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করা হয়। বাবুল হোসেন ওই গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বাবুল হোসেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের সামনে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি এবং হাতে লেখা হুমকিমূলক চিরকুট রেখে যায়।
সকালে স্থানীয়রা দোকানের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বাবুল হোসেনকে খবর দেন। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে উদ্ধার হওয়া বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রেখে থানা হেফাজতে নেওয়া হয়।
উদ্ধার হওয়া চিরকুটে ‘জয় বাংলা’ স্লোগানসহ হুমকিমূলক বার্তা এবং কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও চিরকুটের ভাষা ও উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।


