দেশজুড়ে হাম ও এর উপসর্গে মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (১৯ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে, রোববার (১০ মে) হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করা হয়। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।
গত ২ মাসে সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৪শ’ ছাড়িয়েছে। সবশেষ রোববার (১৭ মে) দেশজুড়ে হাম ও এর উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

