চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত পলিথিনের পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।
রোববার (১৮ মে) সকাল ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া ৫ নম্বর ওয়ার্ডের গাজী চেয়ারম্যানের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিলো-২১ এলাকায় দিবা ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের তৎপরতায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন নাটোর জেলার সিংড়া থানার আতাইকুলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. মিলন প্রামানিক (৩৯)।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে মিনি ট্রাকটি তল্লাশি করে ৬০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৮০০ কেজি পলিথিন পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত।
স্থানীয়রা বলছেন, অবৈধ পলিথিন ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

