বিজ্ঞাপন

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির শর্ত পূরণ করতে না পারায় ৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১-এর নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১০১ জন প্রার্থী। বুধবার (২০ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীর সাময়িক মনোনয়ন ও ফলাফল বাতিল ঘোষণা করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পদের আবশ্যকীয় যোগ্যতার সাথে প্রার্থীদের সনদের সামঞ্জস্য না থাকায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (ইংরেজি ও বাংলা) পদের প্রার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি, যেখানে বিএড বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকায় ৭৫ জন বাদ পড়েছেন।

একই বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় আরও ৭ জন প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত রেখে আগামী ৪ জুনের মধ্যে প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মোট ২ হাজার ৯৫৮টি পদের (৯ম গ্রেড-৪৩২, ১০তম গ্রেড-২১১০ এবং ১১তম গ্রেড-৪১৬) জন্য সাময়িকভাবে প্রার্থীদের মনোনয়ন প্রদান করে কমিশন। তবে, নন-ক্যাডার নিয়োগের শর্তাবলির ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রার্থীর প্রদত্ত পছন্দক্রমের পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিংবা পদের আবশ্যকীয় যোগ্যতার সাথে প্রার্থীর সনদের সামঞ্জস্য না থাকলে তার মনোনয়ন বাতিল করার স্পষ্ট নির্দেশনা ছিল। সেই শর্ত মোতাবেক আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা না মেলায় বেশ কিছু প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম গ্রেডের বিভিন্ন পদে মোট ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে নিয়োগ বিধি অনুযায়ী তাদের স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ, ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি না থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ‘জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার’ পদে ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন তুলা উন্নয়ন বোর্ডের ‘তুলা উন্নয়ন কর্মকর্তা’ পদে ১ জন (বিএসসি/বিএস কৃষি ডিগ্রি না থাকায়) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘সহকারী প্রকৌশলী’ পদে ১ জনের (পুরকৌশলে স্নাতক ডিগ্রি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়েছে।

একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘ইনস্ট্রাক্টর (টেক) মেশিন অপারেশন বেসিকস’ পদে ৫ জন (বিএসসি ইন মেকানিক্যাল বা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকায়) এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটের (বিএমটিটিআই) ‘প্রভাষক (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ)’ পদে ১ জন প্রার্থীর (সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘ইন্সট্রাক্টর (বাংলা)’ পদে ১৫ জন বিএড ডিগ্রি না থাকায় এবং ২ জন বাংলা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি না থাকায় মোট ১৭ জনের মনোনয়ন বাতিল হয়। একই অধিদপ্তরের ‘ইন্সট্রাক্টর (ইংরেজি)’ পদে বিএড ডিগ্রি না থাকায় সর্বোচ্চ ৫৮ জন প্রার্থীর মনোনয়ন ও ফলাফল বাতিল করা হয়েছে।

অন্যদিকে, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় ১০ম গ্রেডের ৭ জন প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত রেখেছে কমিশন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন ‘সহকারী শিক্ষক (ইংরেজি)’ পদের ৫ জন এবং ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদের ২ জন প্রার্থীর স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয় (ইংরেজি ও গণিত) ছিল কিনা, সে বিষয়ে কোনো তথ্য না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, এই স্থগিতাদেশ পাওয়া ৭ জন প্রার্থীকে আগামী ৪ জুনের মধ্যে তাদের সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয়ের প্রমাণ হিসেবে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ে সরাসরি হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি ও ১০ বার বৈঠকের মাধ্যমে সতর্ক করা হয় : ইউনিসেফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন