সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, লাউ, ফুলকপি, গাজরসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। তুলনামূলকভাবে হাতেগোনা কয়েকটি সবজির দাম কমেছে। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। একই সময়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর রামপুরা, মেরাদিয়া ও বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, সপ্তাহের শুরুতে যে টমেটো ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, তা এখন ২০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকার গাজর এখন ১২০ টাকা, আর ৮০-৯০ টাকার ফুলকপি এখন ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
গত শুক্রবার পর্যন্ত প্রতি পিস লাউ ৭০-৮০ টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় সবজি আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়েছে, ফলে ২৫ টাকার আলু এখন ৩০ টাকা।
তবে কিছু সবজির দাম কমেছে। লম্বা বেগুন আগে ১২০ টাকায় বিক্রি হলেও এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। ৮০ টাকার মুলা এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ঢেঁড়স কেজি ৬০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৮০ টাকা এবং পেঁপে ১০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা থাকলেও এখন কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও ১৭৫ টাকায়ও পাওয়া যাচ্ছে। সোনালী মুরগির দামও কমে ৩৭০ টাকা থেকে ৩৫০ টাকায় নেমেছে। তবে পাকিস্তানি লেয়ার মুরগির দাম বেড়ে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত উঠেছে, যা আগে ৩২০-৩৩০ টাকার মধ্যে ছিল।
পড়ুন: শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর
আর/


