মিরপুরের পল্লবীতে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জাতির ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থানের বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি ডাকযোগে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে একটি খোলা চিঠি পাঠান। চিঠিতে তিনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সশরীরে রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের অনুরোধ জানান।
খোলা চিঠিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। মীরপুর পল্লবীতে শিশু রামিসা’র রোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের হৃদয়ের বিদীর্ণ অনুভূতি নিশ্চয়ই আপনাকেও যার পর নেই চিন্তিত ও ব্যথিত করেছে। পুলিশের দৃঢ় তৎপরতায় দ্রুততর সময়ে পাষণ্ড খুনী গ্রেফতার হওয়ায় জনমনের ক্ষোভ কিছুটা লাঘব হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে একই ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে যা খুবই উদ্বেগ ও হতাশাজনক। এই সামাজিক-নৈতিক ও মানবিক বিপর্যয় সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের দূর্বলতা ও ব্যর্থতার প্রকাশ বলে আমরা মনেকরি। এমতাবস্থায় এ ধরনের পাশবিক হিংস্র কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানের বার্তা দেয়া প্রয়োজন। তাই আমাদের বিশেষ অনুরোধ আপনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করুন। এই প্রতীকী সম্মিলিত সংহতি একটি কঠিন বার্তা দেবে যে, এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সবাই অর্থাৎ রাষ্ট্র ঐক্যবদ্ধ।
এ ব্যাপারে আপনার সুবিবেচনা প্রসূত পদক্ষেপ গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি।
পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
আর/


