চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাসের ওপর আইনজীবীদের একাংশের বর্বরোচিত হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননা। আদালত প্রাঙ্গণের মতো স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
সিটিআরএন অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় চট্টগ্রামের টেলিভিশন সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিদাতারা হলেন— সিটিআরএনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ এবং কার্যনির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন।
পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
আর/


