আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রামের পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে গরু ও মহিষের বাজার। কোরবানির পশু কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। এরই মধ্যে চট্টগ্রামের মইজ্জারটেক পশুর হাটে আলোচনার কেন্দ্রে উঠে আসে বিশাল আকৃতির গরু ‘আদর’।
প্রায় ৩০ মণ ওজনের ব্রাহমা জাতের এই গরুর দাম হাঁকা হয়েছিল ১০ লাখ টাকা। বৃহস্পতিবার ‘আদর’সহ আরও প্রায় ৭০টি গরু বাজারে বিক্রির জন্য আনেন খামারি ও বিক্রেতা আব্দুল কাদের ও তার পার্টনার কাওসার।
আব্দুল কাদের জানান, ১১ বছর আগে মাত্র ৫টি গরু দিয়ে তার খামারের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে পরিসর বাড়িয়ে বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ১৫০টি গরু।
আব্দুল কাদের বলেন, দীর্ঘদিনের পরিচর্যা, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশেষ যত্নে বড় করা হয়েছে ‘আদর’কে। বিশাল আকৃতির কারণে বাজারে আনার পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ে গরুটি। অনেকে গরুটির সঙ্গে ছবি তোলেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই আলোচিত গরু ‘আদর’ ১০ লাখ টাকায় বিক্রি হয়ে যায় বলে জানান বিক্রেতা আব্দুল কাদের।
স্থানীয়দের ভাষ্য, একজন সফল খামারি হিসেবে আব্দুল কাদের এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার নাম। পরিশ্রম, পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে খামার গড়ে তুলে তিনি আত্মকর্মসংস্থানের একটি উদাহরণ সৃষ্টি করেছেন।
কোরবানির ঈদ ঘিরে বড় আকৃতির গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আর সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিল মইজ্জারটেক হাটের ‘আদর’।


