রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তার বাবা হান্নান মোল্লা।
শুক্রবার (২২ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, আমার মেয়ের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিবারের পাশে দাঁড়ানো এবং বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা (৩৪)কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


