নাটোরের সিংড়ায় বাবাকে বাঁচাতে গিয়ে মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মহিষমারি সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সনিয়া খাতুন (২৮) বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা সাইদুর রহমান ও বড় বোনও।
আহত সনিয়া খাতুন জানান, তাদের জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে প্রতিবেশী যুবদল কর্মী জহুরুল ইসলাম, রানা আহমেদসহ কয়েকজন তার বাবা সাইদুর রহমানকে মারধর করতে করতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ও তার বড় বোন বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সনিয়ার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


