সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আরিয়ান সোহেল। শুক্রবার (২২ মে) এক লিখত বিবৃতির মাধ্যমে তিনি সর্বস্তরের সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পদত্যাগপত্রে আরিয়ান সোহেল জানান, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে এই মুহূর্তে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, কমলাবাড়ি ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাহিত্য সম্পাদক হিসেবেও দীর্ঘ সময় তার সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী ওই বিবৃতিতে তিনি তার দায়িত্ব পালনকালে অজান্তে হওয়া যেকোনো ভুলত্রুটির জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে ক্ষমার দৃষ্টি কামনা করেছেন। একইসাথে তিনি সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রশিবিরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নিজের ভবিষ্যৎ জীবনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ বিষয় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদুল হাসান লিজু বলেন, দীর্ঘদিন থেকে সে আমাদের সংগঠনের কোনো কার্যক্রমে দায়িত্বে নেই। আমাদের কর্মীদের কোন পদত্যাগ হয় না। দায়িত্তে না থাকলে কিভাবে পদত্যাগ হয়।
পড়ুন- শিশু রামিসা হত্যাকাণ্ড: মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ, সড়ক অবরোধ


