টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড-২০২৬। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
গ্রামীণ শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশের লক্ষ্যে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এ অলিম্পিয়াডের আয়োজন করে। অনুষ্ঠানে তরফপুর ইউনিয়নসহ মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি— এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ২৮টি পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।
মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং জাকির হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ রেজা। এছাড়া ডা. শাহজাহান সিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। তারা জানান, তরফপুর ইউনিয়নকে শিক্ষা ক্ষেত্রে একটি বড় মাপের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষামূলক আয়োজন করা হবে।
পড়ুন: নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ
আর/


