কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকার ভেঙে যাওয়া গ্রামীণ সেতু পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষের দুর্ভোগ ও যাতায়াত সংকটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সেতুর ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এসময় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার না হওয়ায় অবশেষে এটি ভেঙে পড়ে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, “সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অস্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসী দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান এবং প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানান।
দেখুনঃজয়পুরহাটে যুবদল নেতার ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


