১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। দলের এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে ২০ পাউন্ডের একটি সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) নোট উন্মোচন করেছে ব্যাংক অব স্কটল্যান্ড। নোটটিতে স্কটিশ তারকা স্কট ম্যাকটমিনয়ের সেই বিখ্যাত ওভারহেড কিকের আদলে তৈরি একটি ছবি স্থান পেয়েছে।
গত নভেম্বরে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কটল্যান্ড। সেই ম্যাচের শুরুর দিকেই দুর্দান্ত এক ওভারহেড কিকে দলের প্রথম গোলটি করেছিলেন ম্যাকটমিনে। ঐতিহ্যবাহী ব্যাংক নোটের নকশার সঙ্গে ডেনমার্কের বিপক্ষে ম্যাকটমিনের করা সেই দর্শনীয় গোলের মুহূর্তটিকে মিলিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ নোটটি।
স্মারক হিসেবে এই ধরনের মাত্র ১০০টি নোট ছাপানো হয়েছে। এর মধ্যে ৫০টি নোট সংগ্রহকারী বা সংগ্রাহকদের নিলাম, লটারি (প্রাইজ ড্র) এবং এডিনবরা ও গ্লাসগোর দুটি বিশেষ ‘পপ-আপ’ সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
স্মরণীয় এই মুহূর্তটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাপোলির মিডফিল্ডার ম্যাকটমিনে বলেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলাটা যেকোনো খেলোয়াড়ের জন্যই একটা স্বপ্ন। আর আমি জানি আমাদের সমর্থকদের কাছে এর গুরুত্ব কতটা।’
ম্যাকটমিনে আরও বলেন, ‘দলকে যারা ভালোবাসেন, এই সাফল্য আর উদযাপনের মুহূর্তগুলো আসলে তাদের সবার। তাই স্কটল্যান্ডের ব্যাংক নোটে নিজের করা গোলটির ছবি দেখাটা আমার কাছে অবিশ্বাস্য রকমের স্পেশাল অনুভূতি।’
নিলাম এবং লটারি থেকে পাওয়া পুরো অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে ‘ক্রাইসিস স্কটল্যান্ড’ নামক একটি সংস্থাকে, গৃহহীন মানুষের কল্যাণে কাজ করা একটি জাতীয় দাতব্য প্রতিষ্ঠান এটি। অনলাইন নিলামটি চলবে ২৬ জুন, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত। ভক্তরা লটারিতে অংশ নেওয়ার জন্যও একই দিন সকাল ১১টা পর্যন্ত সময় পাবেন।
বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে ১৪ জুন বোস্টনে হাইতির মুখোমুখি হবে। এরপর ১৯ জুন একই মাঠে তারা লড়বে মরক্কোর বিপক্ষে। আর ২৪ জুন মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল।
পড়ুন:বিশ্বকাপের রাউন্ড ৩২ থেকেই বাদ পড়বে ব্রাজিল!
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


