বিশ্বকাপের জন্য স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের সবচেয়ে বড় চমক এবং আলোচিত খবর হলো—স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় জায়গা পাননি। ‘লা রোহাদের’ বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। বিশ্বের সবচেয়ে সফল ক্লাবটির একজন ফুটবলারও স্পেন দলে সুযোগ না পাওয়া রীতিমতো তোলপাড়ই সৃষ্টি করেছে।
রিয়াল মাদ্রিদের ডিফেন্সের খেলোয়াড় ডিন হাউসেনের দলে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। গত ১২ মাসে স্পেনের জাতীয় দলে তিনি নিয়মিত মুখ হওয়ায়, তাঁর বাদ পড়াটা বেশ বড় একটা চমকই বটে।
হাউসেনকে বাদ দিয়ে স্পেন কোচ দলে নিয়েছেন মার্ক পুবিল এবং এরিক গার্সিয়াকে। তবে বাদ পড়ার পেছনে পুবিল ও গার্সিয়ার দারুণ পারফরম্যান্সও বড় কারণ। তারা দুজনেই যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত খেলেছেন। ফলে উত্তর আমেরিকার বিশ্বকাপের বিমানে চড়ার যোগ্যতা তারা মাঠের পারফরম্যান্স দিয়েই অর্জন করে নিয়েছেন।
তবে মজার ব্যাপার হলো, স্পেনের সঙ্গে একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছেন—অন্তত পরিকল্পনাটা তেমনই। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, স্ট্রাইকার গনজালো গার্সিয়াকে একবারের বিশ্বচ্যাম্পিয়নদের ‘বি লিস্ট’ বা বিকল্প তালিকায় রাখা হয়েছে। জুনের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য তারা দলের সঙ্গে থাকবেন, যার মধ্যে একটি ম্যাচ মেক্সিকোতে পেরুর বিপক্ষে অনুষ্ঠিত হবে।
গনজালোর পাশাপাশি কোচ দে লা ফুয়েন্তে এই তালিকায় আরও রেখেছেন—মার্ক বের্নাল (বার্সেলোনা), হাভি রদ্রিগেস (সেল্টা ভিগো), হেসুস রদ্রিগেস (কোমো), লিও রোমান (মায়োর্কা), সের্হিও গোমেস, জন মার্তিন, বেনিওত তুরিইয়েন্তেস (রিয়াল সোসিয়েদাদ) এবং হাভি গেরা-কে (ভ্যালেন্সিয়া)। এই নয়জন মূল দলের সঙ্গেই অনুশীলন করবেন। আর মূল স্কোয়াডের কেউ যদি চোটে পড়ে ছিটকে যান, তবে তাদের মধ্য থেকেই বদলি হিসেবে মূল দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ থাকবে।
শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল স্কোয়াডে গনজালো জায়গা নাও পান—যার সম্ভাবনাই সবচেয়ে বেশি—তবুও দে লা ফুয়েন্তের এই ‘ব্যাকআপ’ স্কোয়াডে ডাক পাওয়া এই ফরোয়ার্ডের জন্য বড় এক অর্জনই। মাত্র ১২ মাস আগেও তাঁর নাম ফুটবল মহলে তেমন একটা শোনাই যায়নি; অথচ এখন সান্তিয়াগো বার্নাব্যুর একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় তিনি এবং স্পেনের জাতীয় দলের রাডারেও চলে এসেছেন।
এবারে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমটা গনজালোর জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে পাড়ি দেওয়ার দৌড়ে থাকা খেলোয়াড়দের একজন ২২ বছর বয়সী স্ট্রাইকার। গত ১২ মাসে তাঁর পারফরম্যান্সে ক্লাবের নীতিনির্ধারকরা বেশ মুগ্ধ হলেও, আগামী মৌসুমে তিনি যদি দলে কেবল অনিয়মিত খেলোয়াড় হিসেবেই সুযোগ পান, তবে তারা তাঁর ক্যারিয়ারের বিকাশে বাধা হতে চান না বরং নিয়মিত খেলার সুযোগ দিতে ধারে বা অন্য ক্লাবে ছাড়তে পারেন।
পড়ুন:বিশ্বকাপের রাউন্ড ৩২ থেকেই বাদ পড়বে ব্রাজিল!
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


