চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোমবার ও মঙ্গলবার গভীর রাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। গত ২৫ মে বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
অপরদিকে, মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপির আরেকটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন:জামালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


