পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। তবে দীর্ঘ এই বন্ধে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
সোমবার আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, আগামী ২৮ মে বৃহস্পতিবার মুসলিম উম্মাহর সর্বোচ্চ ত্যাগ ও মহিমার পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ২৬ মে মঙ্গলবার থেকে ২ জুন মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক সোনমসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেনা। ফলে বন্দরের আমদানি রফতানি এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদ পরবর্তী আগামী ৩ জুন বুধবার থেকে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।
তিনি আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে ঈদের ছুটিকালীন এ কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সকল পক্ষকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। তবে বন্ধের এই দীর্ঘ সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
এদিকে ঈদের ছুটির সময় মূল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও লোড-আনলোড, গুদামজাতকরণ ও পরিবহণসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে বলে জানিয়েছেন বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পড়ুন:সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


