শরীয়তপুরে একটি চারতলা ভবনের ছাদে নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ দেয়াল ভেঙে পাশের টিনের ঘরের ওপর পড়ে অন্তত ৪ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯ টার দিকে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা আবুল কালাম দীর্ঘদিন ধরে তার চারতলা ভবনের ছাদে একটি অতিরিক্ত দেয়াল নির্মাণ করে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখেন। বিষয়টি নিয়ে পাশের বাসিন্দারা একাধিকবার তাকে সতর্ক করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে দীর্ঘদিন কাজ সম্পুর্ন না করায় দেয়ালটি বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে পড়ে এবং বুধবার সকালে তীব্র বৃষ্টি ও ঝড়ের সময় হঠাৎ দেয়ালটি ভেঙে পাশের একটি আধাপাকা টিনের ঘরের ওপর পড়ে যায়। এতে মুহূর্তেই ঘরের চাল ভেঙে ভেতরে ধসে পড়ে এবং ঘরে থাকা ৪ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাড়ির মালিককে বহুবার ঝুঁকিপূর্ণ দেয়ালটির বিষয়ে অবহিত করা হলেও তিনি কোনো উদ্যোগ নেননি। অবহেলার কারণেই তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আহত হয়েছেন বলে দাবি করেন তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী নাসির উদ্দীন বলেন, আমরা রুমে কথা বলছিলাম হঠাৎ বিকট শব্দে আমাদের পেছনে একটি দেয়াল ধসে পড়ে আমাদের বাড়ির চাল ভেঙে ভেতরের সবকিছু লন্ডভন্ড হয়ে যায় এবং কয়েকটি ইট আমাদের উপরেও পরে এত আমরা ৫ জন আহত হই।
তিনি অভিযোগ করে বলেন, এই দেয়ালটি নিয়ে অনেকবার মালিকের সাথে কথা বলেছি তারা কোন পদক্ষেপ নেয়নি। আজ যদি আমরা দুইহাত ওদিকে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। এখন আমরা এ ঘটনার বিচার চাই। আমাদের এখন কোন থাকাট জায়গা নেই।
স্থানীয় বাসিন্দা মোঃ রশিদ বলেন, ভবনটিতে এখনো ঝুকি রয়েছে। তার এই দেয়ালটি কোন পিলারের সাথে ছিলোনা এই বিষয়টি মালিক জানতো কিন্তু তিনি কারো কথা কানে নেননি। তার গাফিলতিতেই আজ এই দূর্ঘটনা ঘটেছে। এখনো ব্যবস্থা না নিলে আরো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ভবনের দেয়ালটি পাঁচ বছর আগে নির্মান করা হয়েছে। দীর্ঘদিন কাজ সম্পুর্ন না করায় ঝড়ের কারনে দেয়ালটি ধসে পড়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : দেবীগঞ্জে মামলা থেকে ভাই ও স্বজনদের বাঁচাতে ডিএসবি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ


