সরকার নারী ও শিশু নির্যাতনের ঘটনা সরকার ‘জিরো টলারেন্স’ বা শুন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বহুল আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্য নির্ধারিত সময় ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান তিনি।
বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, রামিসার বাবা একসময় হতাশা প্রকাশ করে বলেছিলেন, তিনি আর বিচার চান না। তখন আমি তাকে বলেছিলাম, এই হতাশার অবসান হবে তখনই, যখন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা যাবে। সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করবে।
তিনি বলেন, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই পুলিশ চার্জশিট জমা দিয়েছে।


