দেশের চলমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সরকারকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য ও কার্যকর সংস্কার অত্যন্ত জরুরি।
আজবৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশ বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত সমস্যা অন্যতম। তার ভাষায়, মানুষের মধ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, চলমান সমস্যাগুলো সমাধানে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মতে, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া নেওয়া উদ্যোগগুলো কার্যকর হবে না এবং জনগণের আস্থাও অর্জন করা কঠিন হবে।
আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোকে অগ্রাধিকার দিতে হবে। এতে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।


