প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী যে বাজেট হবে, সেখানে কীভাবে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব, জনবান্ধব এবং ব্যবসার ক্ষেত্রে যে নীতির ধারাবাহিকতা দরকার সবগুলোর ব্যাপারে বর্তমান সরকার তার প্রথম বাজেটে উল্লেখ করবে এবং যে সকল অবহেলিত অঞ্চল আছে, সে অঞ্চলগুলোতে বিভিন্ন শিল্প উৎপাদন, সহায়তা ও বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার ইতোমধ্যেই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া শুরু হয়েছে। বন্ধ শিল্প কলকারখানাগুলোতে খুবই নিন্ম সুদে বিশেষ সুবিধা দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির শিল্প এবং অবহেলিত অঞ্চলগুলোতে বিশেষ সুবিধা দেয়া হবে। যারা উদ্যোক্তা তারা বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ অনুযায়ী রাজবাড়ীর বড় রকমের পরিবর্তন ঘটাবে।এছাড়াও আমরা জানি, রাজবাড়ীতে বাংলাদেশ অক্সিজেন কোম্পানির জন্য একটা জায়গা ছিল। সেখানে কীভাবে একটা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা একযোগে কাজ করতে চাই।
তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়া দরকার, গুনগত মানের দরকার। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার যার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করবে। আপনারা কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্পর্কে উদ্যোগ নেন, বহুভাষা শেখার সম্পর্কে উদ্যোগ গ্রহণ করেন শিক্ষাকে আরো উন্নত করার উদ্যোগ নেন এতে নিঃসন্দেহে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের ক্রীড়ার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। যাতে আমাদের শারীরিক, মানসিক এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটবে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা সেই বিষয়ে চালু করেছি। আমরা দেখতে চাই পেশাদার ফুটবলার হোক, পেশাদার ক্রিকেটার হোক।
মতবিনিময় সভাতে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি,জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

