২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক ফুটবল ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—ঘরে বসে প্রিয় দলের খেলা কি সরাসরি দেখা যাবে? সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় এখনও কোনো নিশ্চিত ঘোষণা না আসায় সমর্থকদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ।
এবার বিশ্বকাপে অন্যান্য দেশের তুলনায় ব্রাজিলের ভক্তরা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা কোম্পানি ‘লাইভমোড’ এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’ দেশটিতে বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে। তবে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বা ভারতের দর্শকরা ইউটিউবের এই সুবিধাটি নিতে পারবেন না।
ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে তারা।
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।
বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘ সময় ধরে যে ধোঁয়াশা ছিল, তা কাটানোর চেষ্টা চলছে। শুরুতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক’ (Springbok) মিডিয়া স্বত্ব নিয়ে যে জটিল শর্ত আরোপ করেছিল, তাতে বাংলাদেশের গণমাধ্যমগুলোর পক্ষে সরাসরি সম্প্রচার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, স্প্রিংবক এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।
এই পরিবর্তনের ফলে বর্তমানে স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর জন্য ফিফার সাথে সরাসরি ও সাশ্রয়ী মূল্যে দর-কষাকষির একটি সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপে দ্রুতই কোনো একটি মাধ্যম বা কনসোর্টিয়ামের সাথে চুক্তি সম্পন্ন হবে।
বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েক দিন বাকি থাকলেও, এখন পর্যন্ত বিটিভি বা বেসরকারি কোনো টিভি চ্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের ঘোষণা আসেনি। সংশ্লিষ্টরা ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন এবং কোনো অননুমোদিত ওয়েবসাইট বা পাইরেটেড লিঙ্কে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন।
ভারত ও বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে। সব সংশয় কাটিয়ে কখন এবং কোন চ্যানেলে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে—সেই সুখবরের অপেক্ষায় পুরো দেশ।
পড়ুন :সালাহকে অধিনায়ক করে মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


