জামালপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির আরেক শিক্ষার্থী।
দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে শাওন নামে নবম শ্রেণির এক ছাত্র। সে উপজেলার দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ১২ জন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে শাওন। একপর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে, জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় পানিতে ডুবে আলিফ নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত আলিফ স্থানীয় বাসিন্দা কাশেমের ছেলে। সে সাভারের একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় আলিফ। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খোঁজ চালিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা-মা জানান, আলিফ সাঁতার জানত না। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।
পৃথক দুটি ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশাপাশি এলাকায়ও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পড়ুন : ঈদ-পরবর্তী আনন্দে চিনিতুলায় বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল ম্যাচ


