হবিগঞ্জ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে কৃতি সন্তানদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল ৫টায় সুজাতপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত গ্রামের নয়জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য,শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম চৌধুরী, হুফফাজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন হিফ্জ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ এবাদুল হক চৌধুরী,সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান চৌধুরী তুষার, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কনস্যুলার অফিসার মো. জুবায়েদুল হক চৌধুরী,ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ট্রাফিক কন্ট্রোলার আরিফ চৌধুরী, মাই টিভি ও দৈনিক ভোরের আকাশের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর মোহন রায়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মোর্শিদ আলম, এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী। সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত সুজাতপুরের সভাপতি হাসান চৌধুরী হেমসিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুজাতপুর বাজার কমিটির সাবেক সভাপতি শুভ আহমেদ মজলিশ। স্বাগত বক্তব্য রাখেন সুজাতপুর বাজার কমিটির সভাপতি এখলাছ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষানবিশ আইনজীবী এনামুল হক এনাম।
বক্তারা সংবর্ধিত কৃতি সন্তানদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের অর্জনকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা শিক্ষা, নৈতিকতা ও কর্মক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে আরও অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পড়ুন- লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা, ৬ শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত


