সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান বিষয়ক এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময়ে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করায় ওই সময়ে সংবিধান অনুসারে তিনি বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিলেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ ধরনের বিষয়ে আদালতে মামলা করার সুযোগ ছিল না। এর বাইরে কেউ কোনো বক্তব্য দিলে তা তাদের স্বাধীনতার অংশ। তবে সরকার বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সেই অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা ছিল, যা বর্তমানে রয়েছে। এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও তা আমলে নেওয়ার মতো বলে মনে হয়নি।
মো. সাহাবুদ্দিনের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি সব সুবিধা পাবেন। তার সুরক্ষায় এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা প্রাপ্য, তিনি সবই পাবেন।
পড়ুন: দেশের শান্তি-শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
আর/


