নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন গিয়ে বাইপাস মোড়ে গোল চত্বর এবং স্পিড বেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।


