মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সজিব হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য আলিম মেম্বারের মুক্তির দাবিতে সদর থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা।
সোমবার সকাল থেকে শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ। তাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দেওয়ার পর সেখান থেকে চলে যান।
এর আগে, শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


