শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটারদের বহর লম্বা হচ্ছে। ড্রাফট থেকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদকে দলে নিয়েছে এলপিএলের দুই দল। মিরাজকে দলে নিয়েছে গল গ্যালান্টস। হাসান মাহমুদের ঠিকানা কলম্বো ক্যাপস। দুজনকে ২০ হাজার ডলারে ক্ল্যাসিক ক্যাটাগরিতে ১১তম রাউন্ডে দলভুক্ত করে ফ্রাঞ্চাইজিরা।
এর আগে সরাসরি সাইনে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাসকে দলে নেয় এলপিএলের দুই দল। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটনকে দলে নিয়েছে গল গ্যালান্টস। মিরাজও থাকবেন এই দলে।
হাসান মাহমুদের প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে। দেশের বাইরে এর আগে কখনোই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা হয়নি ডানহাতি পেস বোলারের। মিরাজের পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে।
এলপিএলে দ্বিতীয়বার খেলবেন লিটন। ২০২৪ সালে গল টাইটান্সের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন। রান করেছিলেন ৩৪। এছাড়া আইপিএল, সিপিএল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছেন লিটন। করাচি কিংস দলে সুযোগ পেলেও চোটের জন্য পিএসএলে খেলতে পারেননি। সাকিব আগে এলপিএল খেলেছেন একবারই। ২০২৩ সালে তার দল ছিল গল টাইটান্স। পরের বছর তাসকিনের এলপিএলে অভিষেক হয়। খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।
পাঁচ দলের এই আসর শুরু হবে ১৭ জুলাই। শেষ হবে ৮ আগস্ট। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই। এরপর এপিএলে খেলার সুযোগ আছে।
পড়ুন : বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশ হারল টানা দ্বিতীয় ম্যাচ


