জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ১৫ বছর পূর্ণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)। ২০১১ সালের ১ জুন প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ ও সক্রিয় ছাত্র-নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
একঝাঁক দূরদর্শী শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত জেএনইউসিসির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলা। ছোট পরিসরে কয়েকটি সেমিনার ও ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এটি ক্যাম্পাসে ক্যারিয়ার সচেতনতার এক শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে।
সংগঠনটি শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, কর্মশালা, সার্টিফিকেশন কোর্স, পাবলিক স্পিকিং সেশন, সিভি রাইটিং কর্মশালা, সফট স্কিল ও লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে বিজনেস কেস কম্পিটিশন, আইডিয়া প্রতিযোগিতা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মতো কার্যক্রমও পরিচালনা করে আসছে।
জেএনইউসিসির উল্লেখযোগ্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’, ‘আপলিফট ইউর ক্যারিয়ার’, ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’, ‘হ্যাভ পাওয়ার অন পাওয়ারপয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন’, ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’ এবং ‘ক্রাফটিং ক্যারিয়ার স্টোরি’। এসব আয়োজনের মাধ্যমে প্রতিবছর শত শত শিক্ষার্থী নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতি গ্রহণের সুযোগ পাচ্ছেন।
সংগঠনটির অন্যতম সফল উদ্যোগ ‘ন্যাশনাল জব ফেয়ার’ শিক্ষার্থীদের সরাসরি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের সঙ্গে যুক্ত করেছে। বিশেষ করে ২০২৫ সালে আয়োজিত ন্যাশনাল জব ফেয়ারে দেশের ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মাধ্যমে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়।
গত দেড় দশকে জেএনইউসিসির নেটওয়ার্ক দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি-বেসরকারি সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে। ক্লাবের সাবেক সদস্যদের অনেকে বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিতভাবে ক্যাম্পাসে ফিরে এসে বর্তমান শিক্ষার্থীদের মেন্টরিং ও দিকনির্দেশনা প্রদান করেন, যা শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।
জেএনইউসিসির চিফ মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য প্রস্তুত করার উদ্দেশ্য থেকেই এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু। গত ১৫ বছরে এটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা বিকাশের সুযোগ পাচ্ছে।”
দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আজ শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তিতে সংগঠনটি আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
পড়ুন- শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: আদালতে সাক্ষ্য দিচ্ছেন বাবা


