হবিগঞ্জের হাওরাঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দিনমজুর গাজী মিয়াকে ঘর নির্মাণের জন্য এককালীন এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়ি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ গাজী মিয়ার হাতে নগদ ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, “হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করতে এবং তাদের পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।


