দেশের ৫০ শয্যার ৪৯২টি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম এবং প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোরও ঘাটতি রয়েছে। এ কারণে এসব হাসপাতালকে সরাসরি ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শয্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হবে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে একজন পুরুষ ও একজন নারী ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঢাকার বাইরে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দিয়ে আগামী ছয় মাসের মধ্যে চালু করা হবে। এসব হাসপাতালে সেন্ট্রাল আইসিইউ সুবিধাও থাকবে।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি অতীতের অবহেলা ও দুর্নীতির কারণে সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে ১,১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি প্রণয়ন করেছে এবং প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
পড়ুন: শিশু রামিসা হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন আজ
আর/


