প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিধি সীমিত হলেও প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সামাজিক নেতৃত্বের গুণে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের সন্তান সরকার আলী। দীর্ঘ কয়েক দশক ধরে গ্রামীণ সালিশ, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
১৯৬৯ সালে জন্ম নেওয়া সরকার আলী পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও বাস্তব জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে নিজ এলাকায় একজন গ্রহণযোগ্য সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। স্থানীয়দের মতে, জটিল পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার বিচক্ষণতা ও নিরপেক্ষ ভূমিকা বহু দ্বন্দ্ব-সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এনে দিয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তিনি দেওয়ানি ও সামাজিক নানা বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার পরিচালিত অসংখ্য সালিশ বৈঠকের মাধ্যমে বহু বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষিত ও অভিজ্ঞ সালিশকারীরাও তার বিচার-বিবেচনা ও বাস্তবমুখী সিদ্ধান্তে মুগ্ধ হয়েছেন।
সামাজিক নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সরকার আলী ১৯৯১ সালে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন। এরপর ২০০১ সালে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে নির্বাচিত হয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১১ সালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০১৫ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৪ সালে উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং ২০২৩ সালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, সামাজিক নেতৃত্ব ও রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার আলী সবসময় ভারসাম্যপূর্ণ ও জনমুখী ভূমিকা রেখে চলেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সামাজিক গ্রহণযোগ্যতা তাকে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।
গ্রামীণ জনপদের সামাজিক সম্প্রীতি রক্ষা, বিরোধ নিরসন এবং জনকল্যাণে নিবেদিত একজন মানুষ হিসেবে সরকার আলী আজও ইসলামপুরের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে রয়েছেন।
পড়ুন:নেত্রকোনায় বিএনপি নেতার হুমকিতে এলাকাছাড়া পুলিশের তথ্যদাতা
দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া
ইমি/


