চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাইবোনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ। মানবিক সহায়তার অংশ হিসেবে তাদের ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় তিন ভাইবোনের হাতে সহায়তার চেক তুলে দেন ইউএনও। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, সাংবাদিকদের মাধ্যমে প্রতিবন্ধী ও অসহায় এ পরিবারটির দুর্দশার কথা জানতে পেরেছি। পরিবারটিতে বর্তমানে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। তাদের দৈনন্দিন কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পরিবারটির জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
পড়ুন : দিনাজপুরের ঘোড়াঘাটে দিনদুপুরে পৃথক দুটি স্থান থেকে ২টি মোটরসাইকেল চুরি


