মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করেছে। বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। মালদ্বীপের মালে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান এই টুর্নামেন্টে সিনিয়র দলই পাঠিয়েছে। বাংলাদেশের মুল দল সান মারিনোতে ম্যাচ খেলছে। তাই মালদ্বীপে অনুর্ধ্ব ২৩ দল প্রেরণ করেছে। এদের অনেকের আবার অন্য দেশের সিনিয়র দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। এরপরও দেশের শীর্ষ কোচ মারুফুল হক দুই ম্যাচই বাংলাদেশকে এক পয়েন্ট করে এনে দিয়েছেন।
অভিজ্ঞতায় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও বাংলাদেশের তরুণ তুর্কিরা ভালোই লড়াই করেছে। প্রথমার্ধে আফগানিস্তান বাংলাদেশের জালে একবার বল পাঠিয়েছিল। অফ সাইডের জন্য রেফারি গোল বাতিল করেন। আফগানিস্তান একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করতে পারেনি।
বাংলাদেশ দুই অর্ধেই গোলের চেষ্টা করেছে। গোলের দেখা পায়নি। দুই ম্যাচেই বাংলাদেশ গোল করতে পারেনি। ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। ঐ ম্যাচে জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে।
পড়ুন : মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ


