নেদারল্যান্ডসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলে গড়েছেন বাংলাদেশের নারী দলের ওপেনার দিলারা আক্তার। মাত্র ২২ বলের ফিফটিতে গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন রেকর্ড। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে তার ইনিংসের ওপর ভর করেই নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড এখন দিলারার। এর আগে ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রুমানা আহমেদ।
বৃষ্টির কারণে ম্যাচটি ৮ ওভারে নেমে এলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে দিলারা ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসেই বাংলাদেশ পায় বড় সংগ্রহের ভিত।
অন্য ওপেনার জুরাইয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করেন। পরে সোবহানা মোস্তারি ১১ ও অধিনায়ক নিগার সুলতানা ৪ বলে ৯ রানের কার্যকর ইনিংস খেললে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেটে ৯৮ রান তোলে বাংলাদেশ।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা লড়াইয়ের চেষ্টা করে নেদারল্যান্ডস। দলটির অধিনায়ক বাবেত্তে ডে লিডে ১৪ বলে ৩০ এবং হিদার সিগার্স ১৫ বলে ২১ রান করে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। রবিনে রাইকে ১২ বলে ২১ রান যোগ করলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি ডাচরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা ও রিতু মনি দুটি করে উইকেট শিকার করেন। ফারিহা ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন, আর রিতু মনি মাত্র ১১ রান খরচায় তুলে নেন ২ উইকেট। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে বাংলাদেশ জয় পায় ১৩ রানে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

