নেত্রকোনার মদন উপজেলায় বাস যাত্রীদের হয়রানির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে আটককৃত ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম। এরআগে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- মো. ফরিদুল ইসলাম এবং আতাউর রহমান। তারা দুজনেই মদন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অন্যদিকে, অভিযুক্ত সৈয়দ মিঠু মিয়া মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন সরকারি কলেজ মোড় এলাকার বাস কাউন্টারগুলোতে চট্টগ্রামগামী যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে যাত্রীরা প্রশাসনের কাছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তুলে ধরেন।
ইউএনও এবং পুলিশের উপস্থিতিতে যাত্রীদের অভিযোগ শোনার সময় সেখানে আসেন ছাত্রদল নেতা সৈয়দ মিঠু। ভিড় এড়াতে পুলিশ তাকে একটু দূরে সরে যেতে বললে তিনি পুলিশের নির্দেশ অমান্য করে তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তর্কের একপর্যায়ে পুলিশের সাথে তার হাতাহাতি শুরু হয়। এ সময় সৈয়দ মিঠুর অতর্কিত আঘাতে কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন।
ঘটনার পরপরই আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অন্যদিকে, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠুকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “একটি ঝামেলার কারণে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। সে যদি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। এ সময় মিঠু নামের ওই যুবক হঠাৎ করেই দুই পুলিশ সদস্যের ওপর আঘাত করে তাদের আহত করে। অভিযুক্ত যুবককে ইতোমধ্যেই আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সার্বিক বিষয়ে জানতে চাইলে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমি নিজে উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। তবে এর মধ্যেই পুলিশের সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
আর/


