বিজ্ঞাপন

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

নেত্রকোনার মদন উপজেলায় বাস যাত্রীদের হয়রানির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। এদিকে, এ ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মিঠু মিয়াকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখা।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- মো. ফরিদুল ইসলাম এবং আতাউর রহমান। তারা দুজনেই মদন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অন্যদিকে, অভিযুক্ত ও বহিষ্কৃত সৈয়দ মিঠু মিয়া মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মদন সরকারি কলেজ মোড় এলাকার বাস কাউন্টারগুলোতে চট্টগ্রামগামী যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে যাত্রীরা প্রশাসনের কাছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তুলে ধরছিলেন।

ইউএনও এবং পুলিশের উপস্থিতিতে যাত্রীদের অভিযোগ শোনার সময় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করেন ছাত্রদল নেতা সৈয়দ মিঠু। পরিস্থিতি শান্ত রাখতে এবং ভিড় এড়াতে পুলিশ তাকে একটু দূরে সরে যেতে বলে। তিনি পুলিশের নির্দেশ অমান্য করে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তর্কের একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের সাথে হাতাহাতি শুরু করেন। এ সময় সৈয়দ মিঠুর অতর্কিত আঘাতে কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। ঘটনাস্থল থেকেই পুলিশ সৈয়দ মিঠুকে আটক করতে সক্ষম হয়।

পুলিশের ওপর হামলা ও গ্রেপ্তারের পরদিন শুক্রবার (৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সৈয়দ মিঠু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিস্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসাথে, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতদিয়ায় ফেরিঘাটে নদীতে পড়ল যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন