ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরিপে নগরীর ৬০ থেকে ৮০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। আজ শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আব্দুস সালাম বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


