রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না পেলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ ধরনের পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারা যাওয়া এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। তিনি প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘একজনের দোষের জন্য পুরো হাসপাতাল বন্ধ হয়ে যাক, তা আমরা চাই না।’
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগসহ আজীবন ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পক্ষে বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট শিশির মনির।
এ সময় তিনি জানান, মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শোকজ নোটিশের আইনগতভাবে মোকাবিলা করা হবে।
শিশির মনির বলেন, ‘যে ওয়ার্ডে নবজাতকগুলো মারা গেছে, সেখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কী ছিল এবং কী ধরনের অবহেলা ঘটেছে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট তথ্য নেই। নিবন্ধন বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সুস্পষ্ট প্রমাণেও ঘাটতি রয়েছে বলে আমরা মনে করি।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগ এবং পরিবারের সদস্যদের জন্য আজীবন বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে পেশাগত অবহেলার অভিযোগে অন্তত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
ওই দিন ভোরে তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
আর/


