সিরাজগঞ্জে ধান মাড়াই মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সাথে বলে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা/ জিডি নথিভুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় ধান মাড়াইয়ের প্রস্তুতিকালে আলী আশরাফ ধান মাড়াই মেশিনে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
খোকন মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।


